বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশ মেট্রোরেল যুগে প্রবেশ করলেও মানুষের জীবনের সংকট কাটেনি, কাটছে না। মানুষকে তার খাবারের জন্য প্রতিদিন টিসিবির ট্রাকের পিছনে লাইন দিতে হয়। একটু বিদ্যুতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে কাটাতে হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সুর্বণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাবেক মন্ত্রী ও ১৪ দলের নেতা রাশেদ খান মেনন বলেন, খুলনা শিল্পাঞ্চল এখন মৃত্যুপুরী। লাখো শ্রমিকদের বেকারত্ব ও কর্মহীনতার কান্না শোনা যায়। সারাদেশে উন্নয়ন হচ্ছে। কিন্তু শ্রমিক-কৃষক মেহনতী মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। সংখ্যা গরিষ্ঠ মানুষের উন্নয়ন করতে না পারলে দেশের উন্নয়ন হবে না।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিএনপি উত্থাপিত ১০ দফার সমলোচনা করে বলেন, বিএনপি ভ্রান্ত রাজনীতিতে রয়েছে। তারা ১০ দফার মাধ্যমে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঘটনাতে চায়। জনগণকে সম্মিলিতভাবে শাসন-শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নারী মুক্তি ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেসা খান।
বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর সাহা দিপু, খুলনা মহানগর সভাপতি মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক এসএম ফারুক উল ইসলামসহ অনেকে।

