ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার জয়ধরখালী গ্রামের গয়েশপুর-মুখী সড়কের পাশ থেকে বস্তাবন্দী এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়ধরখালী গ্রামের ফকির পাড়া এলাকায় গয়েশপুর-মুখী সড়কের জুয়েল ফকিরের মৎস্য খামারের দিঘীর পাড়ে সকাল ৯টার দিকে একটি বস্তা পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। কৌতুহলবশত বস্তাটি খুললে বস্তার ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে পাগলা থানা পুলিশ এস লাশটি উদ্ধার করে।
লাশের সুরতহাল রির্পোটকারী পাগলা থানার এসআই মো. সাইদুজ্জামান বলেন, 'নিহত যুবকের গলায় আঘাতের চিহ্ন আছে। মুখের ভিতর কাপড় গুজে দিয়ে মুখ গামছা দিয়ে বেঁধে রাখে দুর্বৃত্তরা। সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে।'
আরও পড়ুন: বেনাপোলে বিজিবি চেকপোস্ট থেকে ৪১টি স্বর্ণবার জব্দ
পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, 'হাত-পা বাঁধা থাকায় ধারণা করা হচ্ছে, কেউ তাকে অন্য জায়গায় হত্যা করে এখানে রাস্তার পাশে ফেলে রেখে গেছে।'
ইত্তেফাক/জেডএইচডি
