এক যুদ্ধে ওলটপালট বিশ্ব

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:৫৬

বিদায় আলোড়ন সৃষ্টিকারী ২০২২। কালপ্রভাতে ‘রবির কর’ দশ দিগন্তে আলোক রেখা ছড়িয়ে চোখ মেলবে নতুন দিনে। অভিবাদন নতুন বর্ষ ২০২৩। হ্যাপি নিউইয়ার। ধাবমান সময়ের পথে মানুষের চাওয়া-পাওয়া, স্বপ্ন, আশা-প্রত্যাশা অপূর্ণই থেকে যায়। তবুও মানুষ বাঁচার স্বপ্ন দেখে। স্বপ্ন বুনে আগামী দিনের। আশার ফানুস ওড়ায় নতুন দিনের।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের মধ্যদিয়ে আরম্ভ হওয়া এ বছরটি দেশ-বিদেশে নানা যুদ্ধ-বিগ্রহ, সহিংসতায় প্রাণহানি -গভীর সংকট, অর্থনৈতিক বিপর্যয়, ঘটনা-দুর্ঘটনায় আলোড়ন রেখে গেলো। বিদায়ী বছরে বাংলাদেশ হারিয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানী-গুণী জনকে। বহু সংকট-জটিলতা আক্রান্ত করেছে বিশ্বসহ বাংলাদেশকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে অর্থনীতি-বাণিজ্য নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পুরো বিশ্বকে আক্রান্ত করেছে। মহামারি করোনা বিদায় নেয়নি। ইউক্রেন যুদ্ধ ছাড়াও ফেলে আসা বছরের আলোচিত ঘটনা ছিল বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, পদ্মা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম সেতু পদ্মা সেতুর উদ্বোধন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে বিতর্ক, দেশে প্রথম মেট্রোরেল যাত্রা, সিংহাসনে আরোহণের ৭০ বছর বা প্লাটিনাম জুবিলি উদযাপনের পর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, ব্রিটেনে এক বছরে তিন প্রধানমন্ত্রী, প্রথম ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া, গভীর অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষের পদত্যাগ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যূতি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের করুণ মৃত্যু, কাতারে বিশ্বকাপ ফুটবলে মেসির দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা, বিএনপির ১০ ডিসেম্বর গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে সংঘর্ষ, বিএনপি অফিসে পুলিশের অভিযান, বছর শেষে ফুটবলের ‘কালো মানিক পেলের মৃত্যু, ইরানের বিক্ষোভ, প্রভৃতি।

করোনা হ্রাসের পর অর্থনীতির ক্ষেত্রে কিছুটা ইতিবাচক আভাস নিয়ে ২০২২ সালে বাংলাদেশের যাত্রা শুরু হলেও বছর শেষে ইউক্রেন যুদ্ধের বড় ধাক্কা আশাচ্যূত করে। ইউক্রেন যুদ্ধ বিশ্বের সবকিছু ওলট-পালট করে দিয়েছে বিদায়ী বছরে। বিশ্ব অর্থনীতি করোনায় সংকট কাটিয়ে উঠতে না উঠতেই এ যুদ্ধ শুরু হয়। যার ফলে অনুন্নত ও উন্নয়ন দেশগুলোতে খাদ্যমূল্য বেড়ে যায়। ইউরোপের পাশাপাশি সারা বিশ্বও ভোগ করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধকল। এর প্রভাবে বিভিন্ন দেশে বাড়তে দেখা দিয়েছে মূল্যস্ফীতি। হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। মন্দাবস্থার কারণে বাংলাদেশ সরকার কৃচ্ছ্ব নীতিতে যেতে বাধ্য হয়েছে। নির্বাচন কাছাকাছি আসার কারণে বছরের শেষাংশে এসে নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি আওয়ামী লীগ ও বিএনপি দুই মেরুতে কেন্দ্রীভূত হচ্ছে।

২০২২ সালটি ছিল রাজনৈতিক দলগুলোর ঘর গুছিয়ে প্রস্তুতি নেওয়ার বছর। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদারে মনোযোগ দিয়েছে। এই লড়াইয়ে মিত্রের সংখ্যা বাড়াচ্ছে তারা। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বন্দী থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে সংঘবদ্ধ করছেন। ৫৫ টির বেশী জেলায় কমিটি করেছেন। বিএনপি গত তিন-চার মাস সারাদেশে ৯ টি বিভাগীয় গণসমাবেশ শেষে ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলকে শক্তিশালী করতে সেরে নিয়েছে সম্মেলন।

সব বিদায়ের সঙ্গেই লুকিয়ে থাকে কিছু আনন্দ-বেদনার কাব্য, আশা আর অপরিমেয় প্রত্যাশা। নতুন বছর সবার জন্য শুভ হোক এই প্রত্যাশা গোটা দেশবাসীর।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন