রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হোতাসহ ২৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, আসন্ন থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হলে সংঘবদ্ধ এ চক্রটি গত কয়েক রাত ধরে ছিনতাইয়ের জন্য তৎপরতা বাড়ায়। এমনকি থার্টি ফার্স্ট নাইটে নাশকতা তৈরির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছিনতাই করারও পরিকল্পনা ছিল তাদের।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত র্যাব-৩-এর কয়েকটি আভিযানিক দল একযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ, মুগদা, ওয়ারী, খিলগাঁও ও শাহজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গতকাল শুক্রবার রাজধানীর টিকাটুলি র্যাব-৩-এর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে নাশকতা তৈরির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছিনতাই করার পরিকল্পনা ছিল চক্রটির। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু, এনটিকাটার, কাঁচি, ব্লেড, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
