পাকুন্দিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

আপডেট : ১৭ জুন ২০১৯, ১৭:৪৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোরাই মোটর সাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য লিটন ওরফে রিটনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার চারকাওনা নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল, নয় পিচ ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলের লক ভাঙার একটি চাবি উদ্ধার করা হয়। সে উপজেলার চালিয়াগোপ গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে।  

থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আসাদুজ্জামান ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় পাকুন্দিয়া থানার ওসি মুঠোফোনে তাদের জানান, চরকাওনা নতুন বাজারে আমিনুল ইসলামের দোকানের সামনে পাকা রাস্তার পাশে কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এ সংবাদের ভিত্তিতে এসআই মো.আসাদুজ্জামান অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন তার দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ উপস্থিত জনতার সহযোগিতায় লিটনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর দুজন পালিয়ে যায়। 

পরে পুলিশ তার কাছে মোটরসাইকেলের বিষয়ে জানতে চাইলে সে বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় উপস্থিত জনতার সামনে লিটনের দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে নয় পিচ ইয়াবা ট্যাবলেট এবং বাম পকেট হইতে মোটরসাইকেলের লক ভাঙার একটি চাবি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:  সাকিবের দ্বিতীয় শিকার পুরান

এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মফিজুর রহমান জানান, 'গ্রেপ্তারকৃত লিটন আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানা, কিশোরগঞ্জ সদর ও কাপাসিয়া থানায় মোটরসাইকেল চুরি, গণ-ধর্ষণ ও ইয়াবাসহ ৮টি মামলা রয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।'

ইত্তেফাক/জেডএইচডি