নেত্রকোনার পূর্বধলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌঁনে ৯টার দিকে উপজেলার জারিয়া রেল স্টেশন এলাকা এ হামলার ঘটনায় আরও দুজন আহত হন।
নিহত আব্দুল মোতালেব (৫৮) উপজেলার জারিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
আহত দুজন একই গ্রামের আব্দুল গফুর চাঁনের ছেলে শিকুল মিয়া (৩৮) ও জহিরুল ইসলাম (৩৫)। তাদের জহিরুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জারিয়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেনের সঙ্গে একই গ্রামের আব্দুল গফুর চাঁনের ছেলে সাবেক ইউপি সদস্য বিপুল মিয়াদের স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারসহ নানা কারণে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় জারিয়া বাজারে বর্তমান ইউপি সদস্য মোশাররফ হোসেনের সঙ্গে সাবেক ইউপি সদস্য বিপুল মিয়ার ভাই জহিরুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শনিবার রাত পৌঁনে ৯টার দিকে ইউপি সদস্য মোশাররফ হোসেনের লোকজন জারিয়া রেল স্টেশনে শিকুল মিয়া, জহিরুল ইসলাম ও তাদের চাচাত ভাই আব্দুল মোতালেব’র ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল মোতালেব ও জহিরুল ইসলামকে উদ্ধার করে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত আব্দুল মোতালেব দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হালকা আহত হলেও তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাবি করে নিহতের পরিবার। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছেন।
