যশোর-চৌগাছা সড়কে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র ট্রাক ধাক্কায় ভ্যানের যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইটভাটার সামনে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম সুমি (২২), সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম (৫৫) ও একই এলাকার বাসিন্দা ও ভ্যান চালক মাসুম হোসেন (২৮)।
এছাড়া আহত হয়েছেন দুই জন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন যবিপ্রবির মাস্টার্স বর্ষের শিক্ষার্থী মোতাসিন বিল্লাহ (২৪) ও সদরের কমলাপুর গ্রামের আমজেদ আলী আলী (৬৫)।
নিহত জোহরা বেগমের স্বামী ও প্রত্যক্ষদর্শী আমজেদ আলী জানান, চুড়ামনকাটি বাজার থেকে তারা চৌগাছা সড়কের বেলতলার দিকে যাচ্ছিলেন। ভ্যানে তারা স্বামী-স্ত্রীসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং স্থানীয় আরেকজনসহ ৫ জন যাত্রী ছিলেন।
পথিমধ্যে চুড়ামনকাটি রেলক্রসিংয়ের পাশে ইটভাটার সামনে পৌঁছালে চৌগাছা থেকে বিএডিসির একটি ট্রাক তাদের চাপা দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও ঘটনাস্থলে ভ্যানচালকসহ ৩ জন মারা যান। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। দ্রুতগতিতে ট্রাকটি আসছিলো বলে এই দুর্ঘটনা ঘটেছে।
যশোর কোতয়ালী মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুই জন। ঘাতক বিএডিসি ট্রাকটি আটক করেছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে নিহত ও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, প্রায় এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ড্রাইভারদের বেপরোয়া চলাচল ও গতির কারণ এটার প্রধান কারণ। তিনি সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। একই সঙ্গে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
