দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের মারগাঁও গ্রামে একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারি) উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন-মারগাঁও গ্রামের নিজামুদ্দিন হাজী পাড়া ওরফে আজরাইল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তার স্ত্রী শামসুন্নাহার বেগম (৩০)।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ৯ মাস বয়সী কন্যা সন্তানের কান্নার আওয়াজে বাড়ির পাশের লোকজন খোঁজ নিতে গিয়ে দেখে রবিউলের বাড়ির মূল দরজা বন্ধ। পরে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের শোবার ঘরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ। প্রায় ১২-১৩ বছর আগে একই গ্রামের আফাজ মেম্বার পাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সঙ্গে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যেই ঝগড়া লেগে থাকতো। এ নিয়ে ইতোপূর্বে কয়েকবার গ্রাম্য সালিশ ও মীমাংসা হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।’
