দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আগামী জুন মাসের মধ্যেই সম্পন্ন করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াও জুনের মধ্যে শেষ করে ফেলার পরিকল্পনা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির। এই কার্যক্রমগুলোর পর চলতি বছরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ করার পরিকল্পনা রয়েছে।
রোববার (১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজটা আগামী জুনে সম্পন্ন করার আশা করে আনিছুর রহমান বলেন, মে মাসের মধ্যেই যাতে করতে পারি সে চেষ্টা থাকবে। জনশুমারির চুড়ান্ত রিপোর্টের জন্য পরিসংখ্যান ব্যুরোকে চিঠি লিখেছি। তারা যদি ওটা জুনের পরে করে তাহলে তো সেটা আমলে নেওয়া যাবে না। এক্ষেত্রে বর্তমানে যে অবস্থা আছে সেগুলো বিবেচনায় নিয়ে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। খুব বেশি আসনের প্রস্তাব আমরা পাইনি। যেগুলো পেয়েছি সেগুলোর ওপর কাজ শুরু করেছি।
নতুন দল নিবন্ধন প্রক্রিয়াও জুনের মধ্যে করে ফেলার আশা প্রকাশ করে আনিছুর রহমান বলেন, কাজের সময়ের সঙ্গে হাঁটলে আর আমাদের হবে না, দৌড়াতে হবে। আমরা প্রতিদিনই অনানুষ্ঠানিক আলোচনা করি। এছাড়া ভোটের প্রশিক্ষণ চলছে, চলবে। ডিসেম্বরের শেষে বা জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন করবো। আমরা আশাকরি যে আইন সংশোধনের বিষয়টিও আইন মন্ত্রণালয়ের কাছ থেকে কয়েকদিনের মধ্যে চলে আসবে। আইনমন্ত্রী বলেছেন যে কাজটা প্রায় শেষের পথে কয়েকদিনের মধ্যেই পাঠিয়ে দেবো। এক্ষেত্রে আমরা ফেব্রুয়ারির মধ্যেই আইন সংশোধনের কাজ শেষ করতে পারবো।
