জিপিএ ৫ পাওয়ায় সংবর্ধনা: বেড়াতে গিয়ে সড়কে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২২:২৯

মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দিয়া মনি (১৬)। রোববার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় দিয়া। সে দিনাজপুর জেলার খানসামা উপজেলার সুবর্ণখুলী গ্রামের মাস্টার পাড়ার দুলাল হোসেনের মেয়ে।

রয়েল স্টার স্কুলের পরিচালক মো. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দিয়া মনি একজন মেধাবী ছাত্রী ছিলো। সে ২০২২ সালে এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় বছরের প্রথম দিনে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করে। এমন কি এইচএসসিতে গত বৃহস্পতিবারের ফলাফলে সে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে চান্স পায়। নিহতের সময়েও তার হাতে ক্রেস্টটি ছিলো। এ মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শোকাহত।

এ ঘটনায় মোটরসাইকেলচালক বন্ধু সোহাগ হোসেন (১৬) গুরুতর আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। সোহাগ একই এলাকার আশেকুর রহমানের ছেলে। সে নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ জানান, ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়। বিকালে অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/পিও