সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৯:৫১

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি৫৮৪) একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৪ জানুয়ারি সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

এর আগে, ২০১৯ সালের মার্চে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। দুই মাস ১১ দিন চিকিৎসার পর দেশে ফেরেন আওয়ামী লীগের এ প্রভাবশালী নেতা। এরপর ফলো-আপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যেতে হয় তাকে।

ইত্তেফাক/কেকে