বছরের প্রথম ছবি হিসেবে ৬ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পাওয়ার কথা ছিলো পুলিশের ভয়ানক অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার ধর্মী ‘মিশন এক্সট্রিম’ ছবির দ্বিতীয় পার্ট ‘ব্ল্যাক ওয়ার’। তবে ওইদিন মুক্তি পাচ্ছে না ছবিটি। আগামী ১৩ জানুয়ারি সারাদেশের সিনেমা হলে মুক্তি পাবে সিনেমা।
রোববার (১ জানুয়ারি) 'মিশন এক্সট্রিম' সিনেমার সিক্যুয়েল 'ব্ল্যাক ওয়ার'-এর ট্রেলার প্রকাশ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নব নির্বাচিত সভাপতি কাজী হায়াত, মহাসচিব শাহীন সুমনসহ ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার কলাকুশলীরা।
‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার পরিচালক সানী সানোয়ার জানান, মুক্তির আগে প্রচারণায় কিছুটা ঘাটতি থাকায় ‘ব্ল্যাক ওয়ার’ নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না। সেই সঙ্গে টেকনিক্যাল কিছু জটিলতাও আছে। আর এসব কারণে কোনো রিস্ক না নিয়ে ১৩ জানুয়ারি মুক্তি চূড়ান্ত করা হয়েছে। আজ সিনেমাটি ট্রেলার আসলো। ‘মিশন এক্সট্রিম’-এ যেভাবে দর্শক হলে গিয়েছিলো আমার বিশ্বাস, তার থেকে বেশি এবার যাবে।
এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ প্রমুখ।
এর আগে, ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।
