বছরের শুরুর দিকে কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের নিরাপত্তা বাহিনীর ৪০ জন সদস্য নিহত হয়। সেই হামলার ঘটনায় পাকিস্তানের জইশ-ই ইসলাম নামে একটি সংগঠনকে দায়ী করে ভারত। সেই সংগঠনের ঘাটিতে হামলা করতে চালানো হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। ভারতের দাবি এতে সংগঠনের কয়েকশ সদস্যকে তারা হত্যা করতে সক্ষম হয়।
এবার পাক ভারত ম্যাচে সেই প্রসঙ্গ টেনে আনলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানকে ৮৯ রানে উড়িয়ে দেয় ভারত। আর সেই ম্যাচের পর বিজেপি সভাপতি অমিত শাহ টুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকে কটাক্ষ করেন।
টুইটারে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের ওপর আর একটা স্ট্রাইক, ফল সেই একই! গোটা দলকে শুভেচ্ছা এই দারুণ পারফরম্যান্সের জন্য। প্রত্যেকটি ভারতীয় আজ গর্বিত এবং এই দারুণ জয়ের পর উচ্ছ্বসিত।’
শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কোহলি বাহিনীকে অভিনন্দন জানিয়েছে বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেসও।
ইত্তেফাক/কেআই
