সেই সুমনের বাসায় জাতিসংঘ প্রতিনিধিদল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:১৯

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ২০ দিন পর গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহীনবাগের বাসায় যান জাতিসংঘের একটি প্রতিনিধিদল। সেখানে সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক সিনিয়র উপদেষ্টা হুমা খান ও মানবাধিকারবিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন। পরে সুমনের বোন সানজিদা ইসলাম সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাসায় আসার কারণে কোন পরিস্থিতি তৈরি হয়েছে, ঐ ঘটনার পরিপ্রেক্ষিতে কতটা চাপ এসেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছি কি না—এসব বিষয়ে খোঁজ নিতেই জাতিসংঘের প্রতিনিধিদল এসেছিল।

তিনি বলেন, জাতিসংঘ সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার থাকে। এ ধরনের গুমের শিকার ব্যক্তিদের পরিবার কী অবস্থায় আছে—সে বিষয়েও খোঁজ নেয় প্রতিনিধিদল। ২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরার খালার বাসা থেকে র?্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনকে। তিনি বিএনপির ঢাকা মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ড কমিটির (বর্তমানে ঢাকা উত্তরের ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবারের অভিযোগ, ২০১৪ সালের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুমনকে তুলে নিয়ে যায়। তার বোন সানজিদা গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাকে’র সমন্বয়কারী। সানজিদা বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যখন কেউ কথা বলতে চান, সরকারের পক্ষ থেকে উলটো তথ্য দেওয়া হয়। তাদের কোণঠাসা করা হয়। এর আগে গত ১৪ ডিসেম্বর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসনকে নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সুমনের বাসায় যান। মার্কিন রাষ্ট্রদূতের যাওয়ার খবর পেয়ে ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। সুমনের বাসা থেকে বেরিয়ে এলেই তারা পিটার হাসকে ঘিরে ধরার চেষ্টা করেন। পরে তিনি নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান। এ বিষয়ে মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বৈঠক শেষ না করে সুমনের বাসা থেকে বের হয়ে যান পিটার হাস। বিষয়টি তারা সরকারের উচ্চপর্যায়ে জানান।

ইত্তেফাক/ইআ