রাজধানীর নিউ মার্কেট সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৪ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় মেয়র তাপসকে নিয়ে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ২৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।
