শীত বেড়েছে পাবনায়, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৫:৫৩

তীব্র শীত আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাবনার জনজীবন। স্থবিরতা দেখা দিয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্মে। ঘন কুয়াশায় ভরে থাকছে চারদিক। যানবাহনগুলোকে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

বুধবার (৪ জানুয়ারি) পর্যন্ত গত দুইদিন রোদের দেখা মেলেনি। শীতের তীব্রতায় সন্ধ্যার পর জনশূন্য হয়ে পড়ছে শহর-বাজার।

পাবনা আবহাওয়া অফিসের নাজমুল হক জানান জানান, কয়েকদিন থেকে এ জেলার তাপমাত্রা নিম্নমুখী। বুধবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ১২ ডিগ্রি। তাপমাত্রা দিন দিন আরও কমবে বলে মনে হচ্ছে।

ঈশ্বরদীর আথাইলশিমুল গ্রামের কৃষক সুরুজ আলি বলেন, শীত-কুয়াশার কারণে রোপা-আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত রোদ না থাকায় চারা গজাচ্ছে না।

এছাড়া প্রচণ্ড শীতে জেলার সর্বত্র সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগ। শীতজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

অন্যদিকে, শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কিছু কিছু কৃষক বৈরী আবহাওয়ার মধ্যেও মাঠে কাজ করছেন। কেউ কেউ গবাদিপশুকে গায়ে চট দিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছেন। খেটে খাওয়া অনেক দরিদ্র দিনমজুর শীতের তীব্রতায় ঘরের বাইরে কাজ-কর্মে যেতে পারছেন না।

ইত্তেফাক/এসকে