রাজধানী ঢাকাসহ সারাদেশে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। কোথাও কোথাও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আরও দুই-এক দিন অব্যাহত থাকবে। শনিবার (৭ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে পারে। এতে শীতের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, শনিবার থেকে শীতের তীব্রতা কিছুটা কমে আসতে পারে। তবে দুই-এক দিন পর আবার শীতের তীব্রতা বাড়তে পারে।
এর আগে, চলতি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়াবিদ আজিজুর রহমান বলেন, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
