যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৫ শিশুসহ ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউটাহ অঙ্গরাজ্যের ইনোক শহরের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ওই শহর কর্তৃপক্ষের একজন সদস্য রব ডটসন জানায়, দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। তারা বুধবার এসে বাসা থেকে লাশগুলো উদ্ধার করে।
তিনি বলেন, ‘আমরা জানি না কেন এমন ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থা ওই ঘটনায় তদন্তে সহযোগিতা করছে। বিষয়টি সম্পর্কে জানতে কয়েক দিন সময় লাগতে পারে।’
সল্ট লেক সিটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ইউটাহর ইনোক সিটিতে প্রায় ৮ হাজার লোকের বাস। তবে, দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।
