কৃষক হত্যা: আসামির বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২২:১১

ময়মনসিংহের গৌরীপুরে গোবর ফেলানোকে কেন্দ্র করে ব্যবসায়ী আবুল কালাম (৫৫) হত্যার জেরে অভিযুক্ত আবুল গফুরসহ তার চার ভাইয়ের বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধরা। বুধবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সহনাটি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সহনাটি গ্রামে আবুল কালামের ফসলি জমির সঙ্গে প্রতিবেশী আব্দুল গফুরের জমি রয়েছে। জমিতে গোবর ফেলা নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে আবুল কালাম নিহত হয়। তার হত্যাকাণ্ডের জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বুধবার রাতে আব্দুল গফুরসহ তার চার ভাইয়ের বসতঘরে হামলা-ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছবি: ইত্তেফাক
 
গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হুমায়ূন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি বসত ঘর, বিভিন্ন আসবাবপত্র ও চারটি খড়ের গাদা পুড়ে যায়। 

নিহতের ছেলে সোহাগ মিয়া বলেন,‌‌ ‌‌‍‌‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‍গফুর ও তার ভাইয়েরা আমার চোখের সামনে বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমি বাবার হত্যাকারীদের বিচার চাই। কিন্তু অগ্নিসংযোগ কারা করেছে আমি জানি না।

ছবি: ইত্তেফাক

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, কালাম হত্যায় আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। বিক্ষুব্ধরা কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/বুখারী/পিও