সংসদের ৫০ বছর পূর্তিতে এপ্রিলে বিশেষ অধিবেশন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৩:০০

চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এটা ইংরেজি নতুন বছর ২০২৩ সালের প্রথম অধিবেশন। বছরের এই প্রথম অধিবেশনকে শীতকালীন অধিবেশনও বলা হয়ে থাকে। ইংরেজি নতুন বছরের প্রথম অধিবেশন হওয়ায় সংবিধান অনুযায়ী গতকাল প্রথম বৈঠকে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অধিবেশন শুরুর আগে গতকাল বেলা ৩টায় সংসদ ভবনে সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অধিবেশনটি চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল সোয়া ৪টায় অধিবেশন শুরু হবে।

জাতীয় সংসদ ভবন। ছবি: এম. এ. এম. ইব্রাহীম

কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি সংসদে বিশেষ আলোচনা হবে। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এপ্রিলে বিশেষ অধিবেশন বসবে। ঐ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়া বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

বৈঠকে জানানো হয়, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭৩টি ও অন্যান্য মন্ত্রীর উত্তরের জন্য ১ হাজার ৮৫৪টিসহ মোট ১ হাজার ৯২৭টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৪টি।  বেসরকারি সদস্যদের বিলের কোনো নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন আটটি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে একটি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। অধিবেশনে উত্থাপনের জন্য ছয়টি সরকারি বিল এবং গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৮টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাশের অপেক্ষায় একটি এবং উত্থাপনের অপেক্ষায় ছয়টি। গতকালের অধিবেশনের শুরুতে এক জন সাবেক মন্ত্রী, দুই জন সাবেক প্রতিমন্ত্রী, এক জন সাবেক বিরোধীদলীয় হুইপ ও চার জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া বিএনপির সাত জন সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি গতকাল সংসদকে অবহিত করেছেন স্পিকার।

ইত্তেফাক/এমএএম