আইসিসি ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কোচ গর্ডন গ্রিনিজের অধীনে। বাংলাদেশকে ট্রফি এনে দেওয়া সেই কোচ আবার ঢাকায় এসেছেন। এবার এসেছেন ক্রিকেট গ্রন্থ উন্মোচন করতে। এর আগে আরো এক বার এসে ছিলেন গলফ টুর্নামেন্টে।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি গ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবু দেশের ক্রিকেট নিয়ে ৩৫০ পৃষ্ঠার একটি গ্রন্থ তৈরি করেছেন। যেখানে ক্রিকেটের ইতিহাস ফুটে উঠেছে। তিনি জানিয়েছেন ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ—এই তিন সময়ের ক্রিকেটের আদ্যোপান্ত স্থান পেয়েছে। একেবারে শুরু থেকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ পর্যন্ত উঠে এসেছে এই গ্রন্থে। প্রকাশিতব্য গ্রন্থে বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ, কোচ ডেভ হোয়াটমোর, এডি বার্লোর স্ত্রী প্রমুখ লিখেছেন। বাংলাদেশের ক্রিকেটের দায়িত্বপালন করেছেন, দেশের ক্রিকেটের জন্য অবদান রেখেছেন, বাংলাদেশকে কিছু দেওয়ার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন তাদের দিয়েই মূলত লেখানো হয়েছে এই গ্রন্থ। আছে অনেক ছবি। ইউসুফ বাবু বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। দেশের ক্রিকেট নিয়ে গ্রন্থ প্রকাশ করতে গিয়ে নারী ক্রিকেটের কথাও তুলে দিয়েছেন। সন্নিবেশিত করেছেন এ দেশে ক্রিকেট খেলা নিয়ে সমর্থকদের আগ্রহের নানা কথা।
আগামী ৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় বাংলা একাডেমির অডিটোরিয়ামে ‘আই অন দ্য বল’ গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই সরাসরি অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শক। গ্রন্থটি সংগ্রহ করতে আগ্রহীরা অনুষ্ঠানস্থল থেকে ৫ হাজার টাকা ডিসকাউন্ট মূল্যে ক্রয় করতে পারবেন। এরপর বিভিন্ন স্টলেও পাওয়া যাবে।
