কাশিমপুর কারাগারে হাজতি হুজি সদস্যের মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০১:৩০

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২তে হাজতি হরকাতুল জিহাদ হুজির এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম আবুল হোসেন খোকন (৫৫)। তিনি বরিশাল জেলার কোতোয়ালি থানার রাজধর গ্রামের আ. খালেকের ছেলে। 

ঐ কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে হরকাতুল জিহাদ হুজি সদস্য আবুল হোসেন খোকন হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে মুকসুদপুর থানা এবং কোতোয়ালি থানায় মামলা রয়েছে। নিহত আবুল হোসেন খোকন ২০০৬ সাল থেকে ঢাকা হাইসিকিউরিটি কারাগারে এবং পরে ২০১৬ সালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বাচ্চু হাওলাদার (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

বাচ্চু হাওলাদারকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী জুয়েল বলেন, গতকাল দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বাচ্চু হাওলাদার অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কিসের মামলায় তিনি কারাগারে হাজতি হিসেবে ছিলেন তা জানাতে পারেননি জুয়েল। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এমএএম