অপহরণের দুই দিন পর আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০১৯, ২১:২০

বাগেরহাটের চিতলমারীতে অপহরণের দুই দিন পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ কাওছার আলী তালুকদারের ছেলে খালিদ তালুকদারের (৬) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ কাওছার আলী তালুকদারের ছেলে খালিদ তালুকদারকে অপহরণ করা হয়। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কাওসার আলী তালুকদারের চৌদ্দহাজারী গ্রামের বাড়ির পাশের একটি মাছের ঘের থেকে খালিদের ক্ষত-বিক্ষত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ  উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের লোকজন দাবি করেছেন। এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। 

আরও পড়ুন:  সীতাকুণ্ডে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, 'শিশু খালিদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজন মহিলাসহ ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।'

ইত্তেফাক/জেডএইচডি