কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪:১২

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ইজিবাইক (টমটম) চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছেন। শনিবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের বিজিবি ক্যাম্প প্রধান সড়কের আমগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টমটম চালক মিজানুর রহমান (২৬) মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে।

নিহতের স্বজনের বরাতে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শহর থেকে বাস টার্মিনালের টমটমের গ্যারেজে যাওয়ার পথে আমগাছ তলায় ছিনতাইকারীরা মিজানের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত মিজানকে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ওসি জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

ইত্তেফাক/আরএজে