কবি সিদ্ধার্থ টিপুর কথা-সুরে গাইলেন সালমা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:৩৩

সম্প্রতি প্রকাশ পেল ক্লোজআপ ওয়ান শিল্পী সালমার কণ্ঠে গাওয়া দুটি গান ‘অশ্রু নদীর ঢেউ’ ও ‘যতনে রাখিও’। গান দুটি লিখেছেন ও সুর করেছেন কবি সিদ্ধার্থ টিপু। প্রথম গানটির স্থায়ী-‘বন্ধু তুমি হারিয়ে গেলে অজানা অন্য আকাশে/ কত তারা কত আলোর ঝরনাধারায় ভেসে, বহু দূরে।’

এ গানে চিরায়ত বাংলার বিরহের সুর কাব্যিক ব্যঞ্জনায় ফুটে উঠেছে। দ্বিতীয় গানটিও বিরহের আবেশে আবিষ্ট করবে শ্রোতাদের। সিদ্ধার্থ টিপু মূলত শূন্য দশকের একজন কবি। নিতান্ত শখের বশেই গান লেখা শুরু তাঁর। আবার সেসব গানের সুরও করছেন নিজেই। 

গান লেখার বিষয়ে অনুভূতি জানাতে গিয়ে সিদ্ধার্থ বলেন, ‘সংগীত ও সংস্কৃতিবিমুখ পরিবেশে আমার বেড়ে ওঠা, ফলে গান নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল না। এই যে ক্ষুদ্রতর প্রয়াস দেখাচ্ছি বা সুর ও সংগীতকে জানার-বোঝার চেষ্টা করছি, তা নিতান্তই গানের প্রতি গভীর আবেগ ও ভালোবাসা থেকে। সালমাকে বিশেষভাবে ধন্যবাদ-আমার কথা ও সুর তিনি অত্যন্ত দরদের সাথে তাঁর কণ্ঠে তুলে নিয়েছেন।’

শিল্পী সালমা বলেন, ‘‘দুটি গান করেছি সিদ্ধার্থ টিপু ভাইয়ের-‘অশ্রু নদীর ঢেউ’ ও ‘যতনে রাখিও’। দুটি গানই আমার অনেক ভালো লেগেছে। তবে ‘অশ্রু নদীর ঢেউ’ গানটির প্রতি মুগ্ধতা একটু বেশি। যদিও ‘যতনে রাখিও’ গানটি ইতিমধ্যে বিপুল শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। আমার চ্যানেল ‘সালমা মিউজিক’ একেবারেই নতুন। আমি কখনো আমার চ্যানেলে কনটেন্ট বুস্ট করি না। আমার প্রকৃত যে দর্শক-শ্রোতা আছেন, তারাই গানগুলো শুনছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছেন। এই গান দুটি একাকীত্ব যাপনের গান। যারা একটু স্যাড সং পছন্দ করেন, একাকী মুহূর্তে যারা গানগুলো শুনবেন, আশা করি তাঁদের ভালো লাগবে। সিদ্ধার্থ টিপু ভাইকে অনেক ধন্যবাদ-আমার জন্য এত সুন্দর দুটি গান সৃষ্টি করেছেন। আমি আশাবাদী পরবর্তী সময়েও আমরা একসঙ্গে আরো কাজ করব।’’
 
গান দুটির সংগীতায়োজন করেছেন রোহান রাজ। ভিডিও নির্মাণ করেছেন এনডি দুর্জয় ও মিশু। ভিডিও সম্পাদনা করেছেন জীবন চন্দ্র দাস। গান দুটি সালমার অফিসিয়াল চ্যানেল ‘সালমা মিউজিক’ থেকে অবমুক্ত করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি