শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়ক শতবর্ষে একজনই সৃষ্টি হয়: ড. সেলিম মাহমুদ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৫:৩৮

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, শেখ হাসিনার মত রাষ্ট্রনায়ক শত বছরে একজনই সৃষ্টি হয়। আর জাতির পিতা বঙ্গবন্ধুর মত নেতা একটি জাতির ইতিহাসে একজনই জন্মায়। আজ যারা শেখ হাসিনার অবদান ও উন্নয়ন অস্বীকার করে, তারা নিজেদের অস্তিত্বই অস্বীকার করে। এ ধরনের কাজ নিজের পিতা-মাতাকে অস্বীকার করার শামিল। 

রোববার (৮ জানুয়ারি) চাঁদপুরের কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে ১৩ হাজার কম্বল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, প্রতিটি জাতির ভাগ্য পরিবর্তনে তার ইতিহাসে একজন নেতার আবির্ভাব হয়। শত বছর কিংবা কয়েকশো বছরে তিনি ওই জাতির ভাগ্য পরিবর্তনের নায়ক হিসাবে চিহ্নিত হয়ে থাকেন ‌। বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই সেই ভাগ্য পরিবর্তনের নায়ক। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত এই জাতি যা কিছু পেয়েছে তার প্রত্যেকটি জাতির পিতা বঙ্গবন্ধু অথবা তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার কারণে পেয়েছে। 

কচুয়ার সকল ইউনিয়নে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, ৩ নম্বর বিতারা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক সিকদার, ৪নং পালাখাল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, ১ নম্বর সাচার ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, ২ নম্বর পাথৈর ইউনিয়নের চেয়ারম্যান আক্কাস মোল্লা, ৫ নম্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার প্রমূখ।

ইত্তেফাক/এমএএম