নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯

মাত্র এক সপ্তাহের বেশি সময় আগে ইসরায়েলে গঠিত হয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন সরকার। এরই মধ্যে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা বলছেন, গণতন্ত্র ও স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।  

দেশটির ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী এবং ধর্মীয়ভাবে রক্ষণশীল সরকার শপথ নেওয়ার কয়েকদিন পর শনিবার তেল আবিব শহরে বিক্ষোভকারীরা জড়ো হয়। বিক্ষোভকারীদের ‘বিপদে গণতন্ত্র’ এবং ‘একসঙ্গে  ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে’ স্লোগানগুলো দিতে দেখা যায়।  

আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘আবাসন, জীবিকা, আশা।’ কিছু বিক্ষোভকারী রংধনু পতাকা বহন করতেও দেখা গেছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বামপন্থী এবং ফিলিস্তিনি সদস্যরা এই বিক্ষোভের নেতৃত্ব দেন।

তারা বিচার মন্ত্রী ইয়ারিভ লেভিনের নিন্দা করেছেন, যিনি বুধবার দেশের সুপ্রিম কোর্টকে দুর্বল করার লক্ষ্যে বিচার ব্যবস্থার সরকারের দীর্ঘ-প্রতিশ্রুত সংশোধনের উন্মোচন করেছেন।

সমালোচকরা সরকারকে আইনি ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অভিযুক্ত করছে। তারা বলছে এই পরিকল্পনাটি ইসরায়েলের চেক এবং ব্যালেন্সের ব্যবস্থাকে নিচে নামাবে এবং নতুন শাসক জোটকে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে এর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করবে।

ড্যানি সাইমন (৭৭) দক্ষিণের ইয়াভনে থেকে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা সত্যিই ভয় পাচ্ছি। আমাদের দেশ গণতন্ত্র হারাতে চলেছে । আমরা একটি স্বৈরশাসনে যাচ্ছি শুধুমাত্র একজন ব্যক্তির কারণে, যে তার আইনের বিচার থেকে মুক্তি পেতে চায়।’ 

তিনি আরও জানান, নেতানিয়াহুকে ২০২১ সালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যে অভিযোগগুলি প্রধানমন্ত্রী অস্বীকার করেছেন।
৭৩ বছর বয়সী নেতানিয়াহু ইতোমধ্যেই ইসরায়েলের ইতিহাসে কারও চেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটিকে নেতৃত্ব দিয়েছেন। 

ফিলিস্তিনি ও ইহুদিদের তৃণমূল আন্দোলন স্ট্যান্ডিং টুগেদার-এর রুলা দাউদ বলেন, ‘আমরা এখানে জোর দিয়ে  এবং স্পষ্ট বলতে এসেছি যে আমরা সবাই, আরব এবং ইহুদি এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন সম্প্রদায় শান্তি, সমতা এবং ন্যায়বিচার দাবি করছি।’

ইত্তেফাক/এএএম