কপাল পুড়ল আবু বকরের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:০২

কাতার বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনালে, ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকিংয়ে হেরে। এই ম্যাচের আগে গ্রুপ পর্বের শেষ খেলায় ক্যামেরুনের বিপক্ষে হেরেছিল (০-১) ব্রাজিল। একমাত্র গোলটি করেছিলেন ভিনসেন্ট আবু বকর। খেলার শেষ বাঁশি বাজার আগমুহূর্তে।

অপ্রত্যাশিত সময়ে গোল। দেখার মতো গোল। ডান দিক থেকে বলটা পেয়েই আবু বক্কর গোলে পরিণত করে লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সমর্থকদের চোখ কপালে তুলে দিয়েছিলেন। আবু বকর গোলটা করেই গায়ের জার্সি খুলে উদাম শরীরে কর্নার ফ্ল্যাগের কাছে নাচ দেখালেন। তাকে নিয়ে ক্যামেরুনের অন্য ফুটবলাররা আনন্দে জড়িয়ে ধরলেন, দৌড়ে ঢুকে পড়লেন ডাগআউটে থাকা বেঞ্চের খেলোয়াড়, কোচিং স্টাফরা।

আনন্দে, উত্তেজনায় দর্শক হুড়োহুড়ি করে পারলে মাঠে ঢুকে পড়েন। আবু বকর উল্লাস শেষে বেরিয়ে এলে মরক্কোয় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত তাকে লালকার্ড দিয়ে মাঠ থেকে বাইরে পাঠিয়ে দেন। এতে মরক্কান রেফারিকেও অখুশি দেখা গেল না। লালকার্ড দেখেও বেরিয়ে যাওয়া আবু বকরকে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছিলেন। ব্রাজিলকে হারানোর আনন্দে লালকার্ডের লজ্জা হাওয়ায় মিশে যায়। খেলা শেষেও আবু বকর হয়ে উঠলেন ক্যামেরুনের সমর্থকদের মধ্যমনি।

সেই আবু বকর ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসর ক্লাবের খেলোয়াড়। বিদেশি কোটায় তাকে রেজিস্ট্রেশন করানো হলেও রোনালদোকে নেওয়ায় কপাল পুড়ল আলোচিত স্ট্রাইকার ভিনসেন্ট আবু বকরের।

বিদেশি আট জন ফুটবলার নেওয়ার রীতি সৌদির প্রো লিগে। শেষ মুহূর্তে রোনালদোকে নেওয়ার কারণে এক জনকে বাদ দিতেই হবে। ক্যামেরুন, আর্জেন্টিনা, ব্রাজিল, আইভরিকোস্ট, উজবেকিস্তানের ফুটবলার রয়েছেন আগে থেকেই। কাকে বাদ দেওয়া হবে তা নিয়ে দোটানা ছিল আল নাসর ক্লাব কর্মকর্তাদের মধ্যে। ইঙ্গিত ছিল উজবেকিস্তানের ফুটবলারকে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরুনের সেই আলোচিত স্ট্রাইকার ভিনসেন্ট আবু বকরকে বাদ দিল আল নাসর। ৩০ বছর বয়সি স্ট্রাইকার আবু বকরের সঙ্গে চুক্তি বাতিল করল পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ৩৭ বছর বয়সী রোনালদোকে রাখতে গিয়ে।   

ইত্তেফাক/এসএস