প্লেব্যাকের মাধ্যমে নতুন বছর শুরু করলে জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর, সংগীতশিল্পী ইমরান ও কোনাল। সম্প্রতি ‘মন মেলেছে ডানা’ শিরোনামের একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। গানটি লিখেছেন জাহিদ আকবর এবং সুর ও সংগীত করেছেন ইমরান।
এটি সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’ ছবিতে থাকছে বলে জানা গেছে।
‘নন্দিনী’র গান এবং কোনালের প্লেব্যাক প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘সিনেমার গল্পের সঙ্গে মিশে থাকার গান মন মেলেছে ডানা। প্লেব্যাক করতে গেলে কণ্ঠের অভিনয় জানতে হয়। এই গুণটি কোনালের মধ্যে সবচেয়ে বেশি আছে। সে যখন ফিল্মের জন্য গায় তখন তার কণ্ঠ থেকে গাওয়ার পাশাপাশি অভিনয় আসে। এখানেই কোনাল অন্যদের থেকে আলাদা।’
কোনাল বলেন, ‘বছরের প্রথম প্লেব্যাক এটি। আমি সবসময় প্লেব্যাকে বেশি কমফোর্ট ফিল করি। আশা করছি এ বছর অনেক বেশি ফিল্মে গাইতে পারবো।’
তিনি আরও বলেন, ‘ইমরানের সঙ্গে আমার কাজের বন্ধুত্ব বেশ অটুট। ইমরান টিউন ও কম্পিজিশনে অনেক যত্নশীল। আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে, জাহিদ ভাই (জাহিদ আকবর) আমার ওয়ান অব দ্য বেস্ট ফেভারিট গীতিকার। তার লেখা গানগুলো খুবই ক্লাসি। নতুন এ গানটিও অনেক সুইট। আমি উপভোগ করেছি।’

