হাসপাতালে ভর্তি বলসোনারো 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০২:১১

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটে ব্যথার কারণে ফ্লোরিডার অরল্যান্ডোর এক হাসপাতালে গতকাল সোমবার বলসোনারোকে ভর্তি করা হয়। তার স্ত্রী এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ব্রাজিলের প্রেসিডেন্টের প্রাসাদ, কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্টে বলসোনারোর হাজার হাজার সমর্থকের নজিরবিহীন তাণ্ডবের একদিন পর তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এলো।

২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হন বলসোনারো। এরপর থেকে বিভিন্ন সময় অন্ত্রের সমস্যায় ভুগছেন তিনি। 

সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে বলসোনারোর স্ত্রী জানান, পেটের ব্যথার কারণে তার স্বামী হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। 

বলসোনারোর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের অবস্থা দুশ্চিন্তা করার মতো না। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে লুলার শপথ গ্রহণের দুইদিন আগেই দেশটি ছেড়ে যুক্তরাষ্ট্রে আসেন বলসোনারো।

এদিকে যুক্তরাষ্ট্রে বলসোনারোর অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ বাড়ছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

ইত্তেফাক/ইআ