চোরের মারধরে সাতকানিয়ায় গৃহকর্তা নিহত

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১০:১৩

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ি চুরি করতে এসে চোরকে ধরে ফেলায় ওই চোর ও তার সহযোগীদের মারধরের গৃহকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া ৯নং ওয়ার্ডে পাশে খন্দকার খিলপাড়ায় সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইউসুফ (৭০) একই এলাকার মৃত আব্দুল জব্বার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় ইউসুফের ঘরে এক চোর ঢুকে। এসময় চোরের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা ইউসুফ ও তার ছেলের বউ নাসিমা আক্তার কৌশলে চোরকে ধরে ফেলেন। এর মধ্যে ওই চোরও ফোন করে তার সহযোগীদেরকে জানালে ঘটনাস্থলে ১০ জন লোক এসে ইউসুফ ও নাসিমাকে মারধর করে। একপর্যায়ে ইউসুফ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, লাশ ময়নাতদন্তের জন্য লোহাগাড়া থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/আরএজে