আড়াই ঘণ্টা পর মোজা কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৫:৫৪

গাজীপুরের শ্রীপুরে মোজা তৈরির কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিটের চেষ্টায় বেলা পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ধলাদিয়া গ্রামের গ্লোবাল গ্লোবস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, কারখানার চারতলা ভবনে আগুন লাগে। ভেতরে পর্যাপ্ত অয়েল ও কেমিক্যাল ছিল। এছাড়া মোজা কারখানায় সিনথেটিক জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। আগুন লাগায় ভেতরে পর্যাপ্ত ধোঁয়ার তৈরি হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ শুরু করে। পাশে ওই কারখানার আরও কিছু ভবন ছিল। আমরা চেষ্টা করেছি আগুন যাতে পাশের ভবনে না ছড়িয়ে না যায়। এতে আমরা সফল হয়েছি।

আগুন নিয়ন্ত্রণে আনতে কেমন বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, কারখানায় তেমন পানি মজুদ ছিল না। আমরা বাইরে থেকে পানি সরবরাহ করেছি। এছাড়া তাদের হাউজ থেকে পানি নিলেও পানির সংকট ছিল। পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেয়ে হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসকে