ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫বছরের কারাদণ্ড

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২১:০১

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির কন্যাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম ফাজেহ হাশেমি। মঙ্গলবার (১০ জানুয়ারি) তার আইনজীবীর এ তথ্য জানায়। খবর এনডিটিভি।  

ফাজেহ হাশেমির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেননি আইনজীবী। তবে আইএসএনএ নিউজ এজেন্সির তথ্য অনুসারে, গত বছর তেহরানের পাবলিক প্রসিকিউটর হাশেমিকে দেশটির রীতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল ।  

সেপ্টেম্বরে দেশটির মিডিয়া জানায়, ইরানে পুলিশ হেফাজতে  আশা আমিনি নামের একজন কুর্দি মেয়ের  মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় চার মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে । এই ‘দাঙ্গা উসকে দেওয়ার’ জন্য তাকে গ্রেপ্তার করা হয়।

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানে শাসকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হিসেবে এই বিক্ষোভকে বিবেচনা করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা আইনজীবী নেদা শামস তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘ফাজেহ হাশেমিকে গ্রেপ্তারের পর, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু শাস্তি এখনও চূড়ান্ত হয়নি।’

এর আগে ২০০৯ সালের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের সময় ‘রাষ্ট্রবিরোধী প্রচার’ করার জন্য, ফাজেহ হাশেমিকে ২০১২সালে কারাগারে নেওয়া হয়। রাজনৈতিক কার্যকলাপ থেকেও তাকে নিষিদ্ধ করা হয়েছিল।

দেশটির সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির অর্থনৈতিক উদারীকরণের বাস্তববাদী নীতি এবং পশ্চিমের সঙ্গে আরও ভালো সম্পর্কের জন্য সমালোচকদের আকর্ষণ করেছিল। তিনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাদের একজন।

ইত্তেফাক/এএএম