মারধরের শিকার রোগী-স্বাজনদের বিরুদ্ধে পুলিশের মামলা, আসামি ৬০

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১০:৫৮

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় মো. মোস্তাকিম নামে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ১টার দিকে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রোগী ও তাদের স্বজনেরা। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর চড়াও হয়।

এ ঘটনায় রোগী ও স্বজনদের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

জানা গেছে, ভারতের প্রতিষ্ঠান 'স্যান্ডর' চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে। প্রতিষ্ঠানটি এতদিন ধরে সরকারিভাবে প্রতি সেশনে ৫১০ টাকা ও বেসরকারিভাবে ২ হাজার ৭৯৫ টাকা করে নিয়ে আসছিল। কিন্তু এখন সেটা বেড়ে সরকারিভাবে ৫৩৫ টাকা ও বেসরকারিভাবে ২ হাজার ৯৩৫ টাকা হয়েছে। এতে কিডনি রোগীরা আন্দোলনে নামেন।

ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে চারদিন ধরে চট্টগ্রাম মেডিকেলের নিচতলায় স্যানডোর ডায়ালাইসিস প্রাইভেট লিমিটেডের সামনে বিক্ষোভ করে আসছিলেন রোগী ও স্বজনেরা। মঙ্গলবার তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের কেবি ফজলুল কাদের সড়ক অবরোধ করেন।

ভুক্তভোগীরা জানান, তারা ফি কমানোর দাবিতে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের মারধর করেছে। পাঁচলাইশ থানার ওসি মো. নাজিম উদ্দীন মজুমদারের নেতৃত্বে পুলিশ সড়ক থেকে টেনেহিঁচড়ে রোগী ও স্বজনদের তুলে দেন বলে অভিযোগ। এ সময় পুলিশ কয়েকজনকে কিল-ঘুষি দিয়েছেন বলেও রোগীরা জানিয়েছেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক সাদেকুর রহমান জানিয়েছেন, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

ইত্তেফাক/এসকে