সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের নির্বাহী অ্যালেন উইজেলবার্গকে তার সাজা পূরণের জন্য নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগারে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উইজেলবার্গকে ১৫ বছরের কর ফাঁকির ক্ষেত্রে ট্রাম্পের হাউজিং কোম্পানিকে সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তার পাঁচ মাসের জেল হতে পারে। উইজেলবার্গ ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা।
গত বছরের আগস্টে ম্যানহাটনের নিউইয়র্ক রাজ্যের আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। আদালতে উইজেলবার্গ স্বীকার করেছেন, ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ও কোম্পানির অন্যান্য নির্বাহীরা কর ফাঁকি দেওয়ার জন্য বৈধ নথি ছাড়াই কোম্পানি থেকে বোনাস ও অন্যান্য সুবিধা পেয়েছিলেন।
যা কোম্পানি ও তাদের অর্থ বাঁচিয়েছে। উইজেলবার্গের বয়স এখন ৭৫ বছর। রাইকার্স দ্বীপের জেলে দিন কাটানো তার জন্য কঠিন হবে। কারাগারটি বর্বরতা, মাদক ও দুর্নীতির জন্য কুখ্যাত। গত বছর সেখানে সংঘর্ষে ১৯ বন্দির মৃত্যু হয়।
পাঁচ মাসের কারাদণ্ডের পাশাপাশি, উইজেলবার্গকে অবশ্যই ১৭ লাখ ডলারের বেশি লুকানো আয় ফেরত দিতে হবে। নিউইয়র্কের একটি আদালত গত ডিসেম্বরে ট্রাম্প সংস্থাকে কর ফাঁকির জন্য দোষী সাব্যস্ত করেছেন। আদালতে আনা সমস্ত অভিযোগের জন্য ট্রাম্প সংস্থাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ট্রাম্প ব্যবসার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তবে ট্রাম্প বা তার পরিবারের কেউই এই মামলায় ব্যক্তিগতভাবে বিচারের মুখোমুখি হননি। কোম্পানিটিকে প্রায় দুই কোটি মার্কিন ডলার জরিমানা দিতে হবে। ভবিষ্যতে ঋণ পেতে এবং অর্থ সংগ্রহের ক্ষেত্রেও ব্যবসায় সমস্যা হতে পারে।
আদালতের প্রমাণে দেখা গেছে, কোম্পানিটি কর ফাঁকির জন্য এক দশকেরও বেশি সময় ধরে তার শীর্ষ কর্মকর্তাদের অফিসিয়াল নথির বাইরে বিভিন্ন সুবিধা দিয়েছে। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, এই অতিরিক্ত সুবিধার মধ্যে বোনাস, বিলাসবহুল গাড়ি ও প্রাইভেট স্কুলের ফি অন্তর্ভুক্ত ছিল।
