রোনালদোর পর বুস্কেটসকে চায় আল নাসর

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৪:৩১

রোনালদোর পর সৌদি আরবের ক্লাব আল নাসর এবার বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বুস্কেটসকে দলে ভেড়াতে চাইছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি দলে ভিড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আল নাসর। ২০২৫ সাল পর্যন্ত রোনালদোর সঙ্গে ১৭৭ মিলিয়ন পাউন্ডে চুক্তি হয়েছে সৌদি ক্লাবটির।

রুডি গার্সিয়ার দল এখন আরো একটি বড় ট্রান্সফারের মাধ্যমে আলোচনায় আসতে চাইছে। বিশেষ করে সৌদি প্রো-লিগের শিরোপা জয়ের চ্যালেঞ্জে দলকে শক্তিশালী করাই এখন তাদের মূল লক্ষ্য। সূত্রমতে, জানা গেছে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ বুস্কেটসকে আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফার সুবিধা নিয়ে দলে নিতে চায় আল নাসঙ্গে বুস্কেটসের বর্তমান চুক্তির মেয়াদ ছয় মাসেরও কম সময় বাকি আছে। সে কারনেই ক্যাম্প ন্যু’তে তার ভবিষ্যত শঙ্কার মুখে পড়েছে।'

অভিজ্ঞ এই স্প্যানিয়ার্ডের সঙ্গে মেজর লিগ সকারে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামির যোগাযোগের গুঞ্জনও শোনা যাচ্ছে। ইতোমধ্যেই তাকে এ ব্যপারে প্রস্তাব দেওয়ার কথা শোনা গেছে।

২০২২ কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বুস্কেটস। পুরো ক্লাব ক্যারিয়ারই তিনি বার্সেলোনায় কাটিয়েছেন। ২০০৮ সালে কাতালান জায়ান্টদের হয়ে তার অভিষেক হয়েছিল। সব ধরনের প্রতিযোগিতার এই মিডফিল্ডার বার্সেলোনার জার্সি গায়ে ৭০০ ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন। বার্সার হয়ে এ পর্যন্ত জয় করেছেন ২৭টি ট্রফি। এর মধ্যে রয়েছে আটটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ।

গত সপ্তাহে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন বুস্কেটসের ভবিষ্যত গ্রীষ্মের আগেই সমাধাান করতে হবে। এ সময় লাপোর্তা বলেন, ‘সে আমাদের অধিনায়ক। সব পর্যায়ে তার মত একজন খেলোয়াড়কে পেয়ে আমি দারুণ খুশি। রিয়াল বেটিসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে তার বার্সেলোনায় ম্যাচের সংখ্যা হবে ৭০০। এই তথ্য সে আজই আমাকে জানিয়েছে। ইতোমধ্যেই সে যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব পেয়েছে। আমি জানি সে এটা নিয়ে চিন্তা করা শুরু করেছে। কিন্তু নীতিগত ভাবে মৌসুমের শেষ পর্যন্ত তার আমাদের দলেই থাকা উচিৎ। গ্রীষ্মের আগেই আমরা এ বিষয়য়ে কথা বলবো। আমার মনে হয় তার হাতে বেশ কিছু সময় রয়েছে।’

আগামী বৃহস্পতিবার সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল বেটিসের মোকাবেলা করবে বার্সেলোনা। এই ম্যাচে হয়তোবা মূল একাদশেই দেখা যেতে পারে বুস্কেটসকে।

ইত্তেফাক/এসএস