ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলের সম্মানে কতজনে তো কত কিছুই করছে। গত ২৯ ডিসেম্বর পরপারে পাড়ি জমানো পেলের মৃত্যু শোকে এখনো কাতর ব্রাজিলিয়ানরা। সেই শোকার্ত অবস্থায়ই কিংবদন্তি পেলের সম্মানে তারা নানা কিছু করছে। ব্রাজিলিয়ানদের পাশাপাশি বাইরের দুনিয়াও ফুটবলের রাজাকে স্মরণীয় করে রাখতে নানা কিছু করছে। কেপভার্দে ও গিনি বিসাউ এরই মধ্যে পেলের নামে ফুটবল স্টেডিয়ামের নামকরণ করেছে। তবে বিশেষ চমক দেখাল মেক্সিকান ক্লাব পাচুকা। পেলেকে আজীবনের জন্য সম্মান জানাতে মেক্সিকোর সবচেয়ে সফর ক্লাবটি তাদের স্টেডিয়ামে ‘রাজসিংহসান’ বানিয়েছে!
ক্লাব ডি ফুটবল পাচুকা শুধু মেক্সিকোতে নয়, পুরো উত্তর আমেরিকা মহাদেশেরই সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব। ১২১ বছর আগে ১৯০১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির স্টেডিয়ামের নাম এস্তাদিও হিদালগো। ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামেরই ‘পরিচালক বক্সে’র নিচে পেলের সম্মানে বানানো হয়েছে ‘রাজসিংহাসন’। স্টেডিয়াম গ্যালারির ঐ এলাকাটি সংরক্ষিত। আন্তর্জাতিক ম্যাচ থাকলে শুধু ফিফার প্রতিনিধিরাই ‘পরিচালক বক্সে’ বসে খেলা দেখেন।
বেঁচে থাকলে হয়তো ‘রাজা পেলে’ কখনো সখনো মেক্সিকো সফরে গিয়ে সিংহাসনটিতে বসে খেলা দেখতেন, সিংহাসনটির মর্যাদা বৃদ্ধি করতেন। কিন্তু তিনি যেহেতু বেঁচে নেই, তাই হয়তো সিংহাসনটি চিরকাল খালিই পড়ে থাকবে! মর্যাদার প্রতীক হয়ে তাকিয়ে থাকবেন ওপারের বাসিন্দা পেলের দিকে।
গত সোমবার পুয়েবলার বিপক্ষে ম্যাচ ছিল পাচুকার। সেদিনই ম্যাচ শুরুর আগে ‘রাজা পেলের সিংহাসনের’ উন্মোচন করেন ক্লাবটির সভাপতি হেসাস মার্টিনেজ। উন্মোচনের পর ‘রাজা পেলের সিংহাসন’টির ছবিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সর্বকালের সেরা, রাজার সিংহাসনের জায়গা।’
