ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৭:৩৬

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে বাশাঁটি ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহত সোহাগ মিয়া মুক্তাগাছা উপজেলার বাশাঁটি এলাকার জসিম মিয়ার ছেলে।

এ ঘটনায় শনিবার (১৪ জানুয়ারি) নিহতের বাবা মো. জসিম মিয়া বাদী হয়ে ৫ জনসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ মো. তানভির সরকার (২৪), মো. জোবায়েদ হোসেন (২৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে।
 
মামলা সূত্রে জানা গেছে, মাসখানেক আগে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে নিহত সোহাগ মিয়ার সঙ্গে আসামিদের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে সোহাগ মিয়া বাজারে যাওয়ার পথে আসামিরা গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে দু‌‌'জনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এএএম