মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য এবং সংবিধান পরিবর্তনের কথা বলায় বিএনপি দুই কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, সুদীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এর সঙ্গে কোনোভাবেই ‘বাইচান্স’ শব্দটির ব্যবহার গ্রহণযোগ্য নয়। ‘সংবিধান পরিবর্তন করবেন’ বলে দেওয়া বিএনপি নেতাদের ঘোষণাও ধৃষ্টতাপূর্ণ ও অত্যন্ত নিন্দনীয়। স্বাধীনতাবিরোধী অপশক্তির তা সাথেদের যে আঁতাত রয়েছে বিএনপি নেতাদের এসব বক্তব্যের মাধ্যমে তা আবার প্রমাণ হলো।
অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার না করলে সাধারণ মানুষ ও সংস্কৃতিকর্মীদের নিয়ে সারাদেশে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
উল্লেখ্য, বিএনপি'র দুই কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টু শুক্রবার (১৩ জানুয়ারি) এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের স্বাধীনতা অর্জনের সাথে বাইচান্স শব্দটি ব্যবহার করে এবং ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তনের ঘোষণা দেন।
