ট্রান্সজেন্ডার হিসেবে ছাত্রনেতা হয়ে ইতিহাস গড়লেন শিশির বিন্দু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:০৫

দেশের রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর মধ্যে এই প্রথম নেতৃত্বে এসেছেন একজন ট্রান্সজেন্ডার। তার নাম শিশির বিন্দু। তিনি রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল শিশির বিন্দুর পদের তথ্য নিশ্চিত করেছেন।

শিশির বিন্দুর বাড়ি রাজবাড়ীর সদর উপজেলায় সোনাকান্দর এলাকায়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় শিশির। বর্তমানে তিনি সরকারি রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শেষ পর্বের শিক্ষার্থী।

বুধবার ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন হয়। পরে বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহর উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হন কাওসার আহমেদ রিপন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিরাজুল ইসলাম। 

১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শিশির বিন্দু। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ শিশিরকে বিশেষভাবে অভিনন্দিত জানিয়েছে।

ইত্তেফাক/এএইচপি