ভোর থেকে মাঠে থাকবে আওয়ামী লীগ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:২৩

দেশব্যাপী বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশের দিন আজ সোমবার ভোর থেকে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। জনগণের জানমালের নিরাপত্তা দিতেই এই উদ্যোগ। রাজধানীর প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানার গুরুত্বপূর্ণ স্থানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। 

মূলত বিএনপির কর্মসূচিকে ঘিরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সরব রাখতে এবং রাজনীতির মাঠে বিএনপির বিশৃঙ্খলা ঠেকাতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এই আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জনজীবনে নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজধানীতে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকাল ৩টায় ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফুট রাস্তার মাথায় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা ১১টায় শাহবাগ চত্বরে  ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। ‘স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ ছাত্র সমাজের রায়’ শীর্ষক এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। 

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় ফার্মগেটে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। বিশেষ অতিথি থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল

 

ইত্তেফাক/ইআ