চুয়াডাঙ্গা দামুড়হুদা দর্শনা সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ ইমন আলী (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারাদি সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত ইমন আলী ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, ওই দিন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে-এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অভিযান চালায় বারাদি বিওপির টহল দল। এ সময় সন্দেহভাজন এক চোরাকারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পর দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে টেপে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা।
