বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জামাত দেশকে পাকিস্তান অফগানিস্তানের মতো দেখতে চায়। তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি জামাতের আজকের জনসম্পৃক্ততাহীন গণমিছিল দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ। তারা কখনো দেশের ও দেশের মানুষের ভালো চায়না।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে মাদারীপুরের দত্ত কেন্দুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের মানুষের জন্য কাজ করছেন তখন বিএনপি জামাত দেশ বিরোধী নানা অপশক্তির সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে। তাদের নেতা দন্ডপ্রাপ্ত আসামী তারেক রহমানের হাওয়া ভবনের কথা মানুষ ভুলে যায়নি। জনগণের তাদের প্রতি সমর্থন নেই। তাই তারা এখন দেশকে যেকোনো উপায়ে অস্থিতিশীল করতে চায়। তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২-২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া প্রমুখ।
