ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতে পালানোর সময় মো. স্বপন মিয়া (৫০) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে আখাউড়া স্থলবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. স্বপন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্ট জমা দিলে পাসপোর্ট যাচাই-বাছাই করার সময় তার পাসপোর্টটি ইমিগ্রেশন ডাটাবেইজে কালোতালিকাভুক্ত দেখায়। এ সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বিরুদ্ধে ২০২২ সালের ৮ ডিসেম্বর তিতাস থানায় একটি হত্যা মামলা হয়। মামলা থেকে বাঁচার জন্য ভারতে পালিয়ে যাচ্ছিলেন।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ওসি দেওয়ান মোর্শেদুল হক বলেন, ‘স্বপনের পাসপোর্ট নাম্বারটি ইমিগ্রেশন ডাটাবেইজে কালোতালিকাভুক্ত ছিল। তার বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানায় একটি হত্যা মামলা রয়েছে। ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।’
