লৌহজং নদীতে গোসল করতে নেমে ডুবে যাচ্ছিলো ছোট বোন। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিখোঁজ হয়েছেন। ঘটনার চার ঘন্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফিন্সের কর্মীসহ ডুবুরি দল তাকে উদ্ধার করতে পারেনি। সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া এলাকায় লৌহজং নদীতে এ মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
গুনটিয়া গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান হাবিব জানান, নিখোঁজ যুবকের নাম নিরব (২৬)। গ্রামের বাড়ি বানাইল ইউনিয়নের গল্লী গ্রামে। তিনি গুনটিয়া গ্রামের সাহাদত চৌধুরীর ভাড়া বাসায় থেকে গার্মেন্টে শ্রমিকের কাজ করতেন। সোমবার বিকেলে তার ছোট বোন শিলা নদীতে গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হয়। আশপাশের লোকজন ঘটনা দেখে তার পরিবারকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে বোনকে উদ্ধার করলেও তলিয়ে যায় নিরব।
স্থানীয়রা ঘটনাটি মির্জাপুর থানা পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসকে জানায়। তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরবকে উদ্ধারে নামে। দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে মির্জাপুর থানা পুলিশ সূত্র জানিয়েছেন।
আরও পড়ুন: কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের টিম লিডার মো. আশিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাতে এই প্রতিনিধিকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ডুবুরি দল নিয়ে উপস্থিত হয়ে উদ্ধার পরিচালনা করছি। নদীর পানি ঘোলা ও অন্ধকার হয়ে যাওয়ায় নিখোঁজ যুবক নিরবকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু
