যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা আজহারুলের আপিল শুনানি শুরু

আপডেট : ১৮ জুন ২০১৯, ১৪:০৪

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আনা আপিলের শুনানি শুরু হয়েছে। 

 

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চে আজ মঙ্গলবার এ শুনানি শুরু হয়। গত ১০ এপ্রিল আপিল বিভাগ শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিল আপিল বিভাগ। এর ধারাবাহিকতায় আজ সকালে শুনানি শুরু হয়।

 

আজ শুনানিতে আজহারের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদিন পেপারবুক থেকে উপস্থাপন শুরু করেন। এ সময় রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আদালতে উপস্থিত ছিলেন।

 

ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সাংবাদিকদের বলেন, আসামিপক্ষ আজ সময়ের আবেদন করেছিল। আদালত তা মঞ্জুর করেননি। এরপর আসামিপক্ষ শুনানিতে পেপারবুক থেকে উপস্থাপন শুরু করেন।

আরো পড়ুন : ‘এভাবে বদলি করা হলে সৎ কর্মকর্তারা কাজ করতে নিরুৎসাহিত হয়’

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আজহারকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড দিয়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালে দণ্ডিত এ আসামী রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করে। বাসস

 

ইত্তেফাক/ইউবি