আমাকে হত্যার নতুন চক্রান্তে জারদারি: ইমরান খান 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৪৪

ফের চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, আমাকে হত্যার নতুন এক চক্রান্তের পেছনে আছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান গতকাল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় এই বিস্ফোরক অভিযোগ করেছেন। এ জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারি একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীকে টাকাও দিয়েছেন’ বলে অভিযোগ ইমরান খানের। 

ইমরান তার বক্তৃতায় বলেন, ‘ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আগে এক জনসভায় সমর্থকদের বলেছিলাম, চারজন লোক আছে, যারা আমাকে হত্যার পরিকল্পনা করছে; এ কথা বলায় ওই পরিকল্পনা ভণ্ডুল হয়ে গিয়েছিল। তারপর ধর্মের নামে আমাকে ‘শেষ করে দেওয়ার’ নতুন পরিকল্পনা ‘প্ল্যান বি’ হয়। কিন্তু আমি সেটাও জানতে পারি এবং দুটো জনসভায় ওই পরিকল্পনা উন্মোচন করে দিই।’

ইমরান খান।

গত বছরের নভেম্বরে ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানের ওপর হামলার ঘটনা আসে। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব চক্রান্তকারীরা প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছে।

পিটিআই চেয়ারম্যান বলেন, এখন তারা প্লাস সি বানিয়েছে, আর এর পেছনে আছেন জারদারি। ইমরান খান অভিযোগ করেছেন, জারদারির কাছে অফুরন্ত অবৈধ অর্থ আছে, সিন্ধু সরকারের কাছ থেকে লুট করা যে অর্থ তিনি নির্বাচনে কাজে লাগান, বিধায়ক কেনেন; যেখানেই নির্বাচন হোক না কেন, খাইবার পাখতুনখোয়া বা গিলগিত-বালতিস্তান, তিনি সেখানে সমানে টাকা ঢালেন।

ইমরান খান।

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান বলেন, জারদারি একটি জঙ্গি গোষ্ঠীকে টাকা দিয়েছেন। তার সহায়তাকারীরা সংস্থার প্রভাবশালী লোকজন। তিন দিক থেকে সিদ্ধান্ত হয়েছে, তারা পরবর্তী অপরাধ কার্যকরের পরিকল্পনা সাজিয়েছে। 

তবে ইমরান খানের এই অভিযোগ অভিযোগ উড়িয়ে দিয়েছেন পিপিপি নেতারা।

ইত্তেফাক/এফএস/এএএম