এবার বড়পর্দায় মনোযোগী তারা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:১৩

ওয়েব সিরিজের জনপ্রিয়তা এবং চলচ্চিত্রের সুদিনের আভাস শুধু চলচ্চিত্র তারকাদের নয়, ছোটপর্দার তারকাদের ভেতরেও নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে। অনেকেই এখন টিভি নাটকের চেয়ে ওয়েব সিরিজ-সিনেমার দিকে মনোযোগী হচ্ছেন। এমনকি নতুন অভিনেতা-অভিনেত্রীরাও পছন্দের শীর্ষে এখন ছোটপর্দাকে রাখছেন না। কিছুদিন আগেই সেই তালিকায় যুক্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

গত বছরের নভেম্বরে তিনি ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। রায়হান রাফীর নির্মাণে সেই ছবিতে তার নায়িকা তমা মির্জা। আসন্ন ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং হবে। এমন খবরের মাঝেই নতুন আরও একটি সিনেমায় যুক্ত হলেন এই অভিনেতা।‘কালপুরুষ’ শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন সঞ্জয় সমদ্দার।

আফরান নিশো

সিনেমা ঘিরে নিজের পরিকল্পনা সম্পর্কে আফরান নিশো বলেন, ‘আমার ভাবনা এখন সিনেমা ঘিরেই। সিনেমার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। গত ৬ মাসে ১৩ কেজি ওজন কমিয়েছি। আরও কিছুটা কমিয়ে পুরোদস্তুর ফিট হয়ে তবেই সিনে ক্যামেরার সামনে দাঁড়াবো।’

জানা গেছে, ‘কালপুরুষ’ সিনেমাটি প্রযোজনা করছেন টপি খান। বর্তমানে ছবিটির চিত্রনাট্য ঘষামাজা চলছে। সেই সঙ্গে শিল্পী নির্বাচনও চলমান। তবে আফরান নিশোর সঙ্গে এরইমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে দীর্ঘদিন পর ‘মায়ার জঞ্জাল’ শিরোনামের যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে প্রেক্ষাগহে আসছেন অভিনেত্রী অপি করিম। নানা প্রতিকূলতা পেরিয়ে ক’দিন আগেই তিনি জানান সিনেমাটি শিগগিরই দুই বাংলায় মুক্তি পাচ্ছে। সেই লক্ষ্যেই বর্তমানে প্রচারণা চলছে। এরইমাঝে সিনেমাটির ঝুলিতে জমা হলো আরও একটি অর্জন। আর্টহাউস চলচ্চিত্রের অন্যতম সেরা স্ট্রিমিং প্লাটফর্ম ‘মুবি ডটকম’-এ বিশ্ব বিখ্যাত নির্মাতাদের সিনেমার পাশে জায়গা করে নিয়েছে ‘মায়ার জঞ্জাল’।

অপি করিম

অবিশ্বাস্য সুন্দর ও আকর্ষণীয় সিনেমার তালিকায় রাখা হয়েছে ছবিটিকে। একই সঙ্গে বিভিন্ন উত্সবে ছবিটির অর্জন এবং কলাকুশলীদের তালিকা উল্লেখ রয়েছে। উল্লেখ্য, শুধু নিশো-অপি নন, বড়পর্দার দিকে ঝুঁকছেন ছোটপর্দার তাসনিয়া ফারিণসহ অনেকেই।

ইত্তেফাক/বিএএফ