খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. নাজমুল হকের কাছ থেকে একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি খোয়া গেছে।
মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী হাইস্কুল থেকে এই পিস্তল ও গুলি খোয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ এস আই মো. নাজমুল হক (৫৫) ডুমুরিয়া উপজেলা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্সের সদস্য হিসাবে দায়িত্ব পালন করার জন্য দিঘলিয়া থানা থেকে ডুমুরিয়ার বানিয়াখালী এসেছিলেন। তিনি সোমবার রাতে উপজেলার বানিয়াখালী হাইস্কুলে রাত যাপন করছিলেন। ওই সময় এসআই নাজমুল হকের কাছে থাকা একটি ব্যাগে তার পিস্তল ও ১২ রাউন্ড গুলি রাখা ছিল। মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি তার পিস্তল ও ১২ রাউন্ড গুলি বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ব্যাগের মধ্যে রেখে বাইরে যান। কিছু সময় পর ফিরে আর অস্ত্র ও গুলি পাননি।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য নিয়ে সাপ-লুডু খেলা বন্ধ করতে বললো চীন
খবর পেয়ে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্কুলের দপ্তরি সন্দীপ কুমার রাহা ও রাজমিস্ত্রির হেলপার বুলবুল খাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ওসি জানান, এ এস আই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করে ডুমুরিয়া থানায় নজরবন্দি রাখা হয়েছে।
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ইত্তেফাককে বলেন, এসআই মো. নাজমুল হককে কখন কীভাবে পিস্তল ও গুলি খোয়া গেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপশি ওই পিস্তল ও গুলি উদ্ধারে অভিযান চলছে।
ইত্তেফাক/এমআই
