ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলায় রায় ও আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্টের বেশ কয়েকটি দ্বৈত ও একক বেঞ্চ থেকে আসে এমন রায় ও আদেশ। এর মধ্যে আপিল বিভাগের চেম্বার আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি এম ইনায়েতুর রহিম ভাষার মাস জুড়ে বাংলায় আদেশ প্রদানের ঘোষণা দিয়েছেন। হাইকোর্টের রায় ও অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে যেসব আবেদন শুনানির জন্য আসবে, তার আদেশ তিনি বাংলায় দেবেন বলে গতকাল বুধবার আইনজীবীদের জানিয়েছেন। গতকাল চেম্বার আদালত থেকে ১৪৫টি মামলায় বাংলায় আদেশ দিয়েছেন বিচারপতি ইনায়েতুর রহিম।
এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, ‘চেম্বার আদালতের বিচারপতি বাংলায় আদেশ প্রদানের ঘোষণা দিয়েছেন। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এতে সাধারণ বিচারপ্রার্থীরা উপকৃত হবেন। আমি এ ঘোষণাকে স্বাগত জানাই।’
এর আগে গতকাল উচ্চ আদালত থেকে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ ‘মো. আক্কাস আলী বনাম বাংলাদেশ’ মামলার রায়টি বাংলায় ঘোষণা করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চও দুর্নীতির একটি মামলার রায় বাংলায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘১৩ বছরের বিচারিক জীবনে প্রথম বাংলায় রায় দিলাম এবং বাংলায় এই রায় দিতে পেরে গর্ববোধ হচ্ছে।’ ভাষার মাসে বাংলায় আরো রায় দেবেন বলে ঘোষণা দেন তিনি। সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এ তথ্য জানান।
এছাড়া বিচারপতি মো. আশরাফুল কামাল একটি এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ একটি মামলার রায় ও আদেশ বাংলায় দিয়েছেন।
